GST তে সাধারণ মানুষের জন্য মহাছাড়! ২২শে সেপ্টেম্বর থেকে সস্তা হতে চলেছে মানুষের জীবনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ টিভি, এসি, ফ্রিজ, ইলেকট্রনিকস সামগ্রী এবং ছোট গাড়ি যেমন বাইক ও স্কুটার।

জিএসটি পরিষদের বৈঠক থেকে জানা যাচ্ছে, নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী এবার থেকে মূলত দুটি জিএসটি হার চালু হতে চলেছে—৫ শতাংশ এবং ১৮ শতাংশ।যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্যে ১২ শতাংশ কর দিতে হতো, সেগুলোর উপর এখন থেকে মাত্র ৫ শতাংশ জিএসটি দিতে হবে। এর মধ্যে রয়েছে ঘি, বাদাম, টুথপেস্ট, মাথার তেল, সাবান ও শ্যাম্পুর মতো প্রতিদিন ব্যবহৃত জিনিসপত্র।ছানা ও পনিরের মতো খাদ্যপণ্য একেবারেই করমুক্ত করা হয়েছে। অর্থাৎ, এসব পণ্যের উপর কোনও জিএসটি চাপবে না।

একইসঙ্গে চিকিৎসা ক্ষেত্রেও স্বস্তি মিলেছে। গুরুত্বপূর্ণ ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের মতো প্রধান পণ্যের উপর করের হার ১২ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে মাত্র ৫ শতাংশ। ফলে স্বাস্থ্যসেবার খরচ অনেকটাই কমবে।

মধ্যবিত্তদের কথা ভেবে বিভিন্ন বৈদ্যুতিন পণ্য যেমন এসি, ফ্রিজ ও টিভিতে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে দাঁড়াচ্ছে ১৮ শতাংশে। এছাড়া বাড়ি তৈরির মূল উপাদান সিমেন্টের ক্ষেত্রেও জিএসটি ২৮ শতাংশ থেকে নেমে আসবে ১৮ শতাংশে।
তামাকজাত পণ্য, পান মশলা, সিগারেট এবং বিলাসবহুল গাড়ির উপর জিএসটি ২৮ শতাংশ থেকে বাড়িয়ে নতুন হারে ৪০ শতাংশ করা হয়েছে। এর উপর বিশেষ ‘সিন ট্যাক্স’ আরোপ করা হয়েছে।
এই জিএসটি কাঠামো সংস্কারের ফলে সরকার আশাবাদী যে, ট্রাম্প প্রশাসনের চাপানো শুল্কের প্রভাব কিছুটা হলেও কমবে এবং ৫০,০০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি পূরণ করা সম্ভব হবে।


